দুবাইয়ে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় সংগ্রহের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। সৌম্য সরকার ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে দারুণ শুরুর পর হঠাৎ করেই ছন্দপতন ঘটে টাইগারদের ব্যাটিং লাইনআপে। বিনা উইকেটে ১০৮ রান তোলার পর মাত্র ৭৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত বাংলাদেশ অলআউট হয় ২৩৪ রানে।
ম্যাচের শুরুটা ছিল স্বপ্নের মতো। দুই ওপেনারের দৃঢ়তায় স্কোরবোর্ডে দ্রুত রান বাড়ছিল। কিন্তু উদ্বোধনী জুটি ভাঙার পরই ব্যাটিং ধস বাংলাদেশের পুরনো দুর্বলতাকে আবারও সামনে নিয়ে আসে। তিনে নেমে মুমিনুল হক কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও অন্য প্রান্ত থেকে যোগ্য সঙ্গ পাননি। মুশফিকুর রহিম ৪ রান এবং জাকের আলী ৮ রান করে ফিরে যান। মুমিনুল ধৈর্য ধরে ৬৩ বলে ৩৩ রান করে আউট হন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়ে ৮ রান করে সাজঘরে ফেরেন।
নিচের সারির ব্যাটারদের মধ্যে নাঈম হাসান ৩৬ ও তাইজুল ইসলাম ১৬ রান করলে দলীয় সংগ্রহ ২৩৪ পর্যন্ত পৌঁছায়। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৫৭ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। আরব আমিরাতের বোলারদের মধ্যে জুনাইদ ৩টি, উসাইদ ও হায়দার আলী ২টি করে উইকেট শিকার করেন। দিনের শেষভাগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে আরব আমিরাতও শুরুতেই উইকেট হারায়। দলীয় ২৪ রানে খালেদ আহমেদের শিকার হন লুকমান। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান, যা বাংলাদেশের চেয়ে এখনো ২০০ রানে পিছিয়ে।

















