মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার মধ্যেরচর গ্রামে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার সন্ধ্যায় ঘটা এই ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন স্থানীয়রা। খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করেন।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত হাবুল শিকদার (৫৭) একই গ্রামের ওই শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণচেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে হাবুল গা ঢাকা দেন এবং বিভিন্ন প্রভাবশালীদের মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যায় প্রায় ৫ শতাধিক মানুষ ভুক্তভোগীর পরিবারের সঙ্গে মিলে বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। মিছিল শেষে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন।
ভুক্তভোগী শিশুর বাবা জানান, তিনি বিচার চেয়েও কোনো প্রতিকার পাননি, যার ফলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এই পদক্ষেপ নিয়েছেন। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত হাবুল শিকদার ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

















