ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিশ্বমানের এভিয়েশন খাতের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিমানের আধুনিকায়ন করা অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মের এই উড়োজাহাজগুলো বাংলাদেশের এভিয়েশন খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। তিনি আরও বলেন, কেবল আধুনিক বিমান থাকলেই একটি এয়ারলাইন্স সফল হতে পারে না, বরং বিমানের ভবিষ্যৎ নির্ভর করে পেশাদারিত্ব, শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্ববোধের ওপর।
নিরাপত্তা, দক্ষতা, সময়ানুবর্তিতা, সততা ও উৎকর্ষতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে বিমানমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বিমানকে একটি শক্তিশালী, প্রতিযোগিতামূলক এবং মর্যাদাপূর্ণ এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে হবে, যা দেশের প্রতিটি নাগরিকের গর্বের উৎস হবে।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইয়োর্গেন ওয়েস্টারমেয়ার। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সরকার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

















