বাংলাদেশ

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা

প্রতিবেদক
সব খবর

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজীকরণ এবং বাণিজ্য বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা এক বৈঠকে মিলিত হন।

সাক্ষাৎকালে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো, শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং জ্বালানি খাতে তেল ও গ্যাস নিয়ে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় ভ্রমণকারী বিপুলসংখ্যক পর্যটকের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তার বিষয়টি বৈঠকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ার অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু করার বিষয়টিও গুরুত্ব পায়।

বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে আরও বেশি ইন্দোনেশীয় কোম্পানির বিনিয়োগ ও ব্যবসার সুযোগ সৃষ্টির বিষয়ে মতবিনিময় করা হয়। উভয় পক্ষ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে পর্যটন, শিক্ষা, জ্বালানি এবং বাণিজ্যের মতো সম্ভাবনাময় খাতগুলোতে নতুন সুযোগ কাজে লাগানোর ওপর জোর দিয়েছে। আলোচনায় তৈরি পোশাক, পাট, কৃষিপণ্য এবং পাম অয়েলের বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি হালাল পণ্য রপ্তানির সম্ভাবনাও উঠে এসেছে।

উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের মধ্যকার বহুমাত্রিক সহযোগিতা আরও গভীর করার বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করেছে। উক্ত বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সব খবর