কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় নিখোঁজ হওয়া জারু মিয়া (৯০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর দক্ষিণ পাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতের ছেলে আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোররাতে তার বাবা জারু মিয়া ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর ঘরে ফেরেননি। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরবর্তীতে দুপুরে নালঘর দক্ষিণ পাড়া পুতার বাড়ি পূর্বপড়া মসজিদের সামনের পুকুরে আমির হোসেনের জাল ফেললে জারু মিয়ার মরদেহ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, পুকুরঘাটে অজু করার সময় অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে গিয়ে থাকতে পারেন।
শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা জাফর মিয়া জানান, জারু মিয়া এলাকার একজন প্রবীণ ব্যক্তি ছিলেন এবং তিনি নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হওয়ার পর দুপুরে পুকুরে জাল ফেলে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়। রাতে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২০: ১১আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ২০: ১৭

















