সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি বলেন, কাজী নজরুল ইসলামের গান, কবিতা ও দর্শনের চর্চা তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা করতে পারে। তাই কেবল নজরুল বর্ষেই নয়, সারা বছরই নতুন প্রজন্মের মাঝে এই চর্চা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এস এম জিলানী বলেন, নজরুল বর্ষ উপলক্ষে শুধু এক বছর নয়, আগামী বছরসহ সারা বছর নজরুলের দর্শন, গান ও কবিতার চর্চা অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা করি। তিনি বিশ্বাস করেন, শিক্ষার্থী ও যুবসমাজ যদি নজরুলের সাহিত্য ও দর্শন নিয়ে নিয়মিত চর্চা করে, তবে তারা কখনোই বিপথগামী হবে না। বর্তমানে সমাজে মাদকের যে ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে, তা থেকে রক্ষা পেতে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা বাড়ানো জরুরি বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, হামদ-নাত ও নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এবার নজরুল বর্ষ উপলক্ষে কোটালীপাড়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা ও কলেজ পর্যায়ের শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, যার মধ্যে ৪৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, উপজেলা প্রকৌশলী সফিউল আজম, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, সহসভাপতি ফায়েকউজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, যুবদলের সদস্যসচিব মান্নান শেখসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

















