চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ৯ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে, যার ফলে বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা ২৯৫ জনে পৌঁছেছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩০০ জন রোগী ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে জানা গেছে, গত একদিনে খুলনা বিভাগে একজন রোগী মৃত্যুবরণ করেছেন। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৭৪ জন, বরিশাল বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৮০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় যথাক্রমে ৩৫ ও ৩৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে পরিসংখ্যানে। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) সর্বোচ্চ ১৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

















