বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানাতে দিল্লির সাউথ এভিনিউয়ের একটি বাসস্ট্যান্ডে ধরনায় বসেছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাদের সঙ্গে তাকে আটক করেছে পুলিশ। ফেসবুক লাইভে দেখা যায়, পুলিশের গাড়িতে করে আটক নেতাদের নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই মুহূর্তে মমতা ও অন্যান্যরা সমস্বরে গাইছেন—‘উই আর নট অ্যালন’ বা আমরা একা নই।
ঘটনার বর্ণনা দিয়ে লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সিজেপি তাদের যন্তর মন্তরে আমন্ত্রণ জানিয়েছিল। সেই বাসস্ট্যান্ড থেকে তারা যন্তর মন্তরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। মমতা বলেন, বাড়ির সামনে একটি বেঞ্চে শান্তিপূর্ণভাবে বসার পর তাদের যেতে বাধা দেওয়া হয়। তাদের বুকে ‘সেভ ইন্ডিয়া, সেভ ডেমোক্রেসি’ লেখা ব্যানার ছিল। এরপরই শক্তি প্রয়োগ করে তাদের প্রিজন ভ্যানে তোলা হয় এবং প্রায় ৪০ মিনিট ধরে সারা দিল্লি ঘোরানো হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করে বলেন, এভাবে ভারতের গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়। বিজেপি যেখানেই আছে, সেখানেই গণতন্ত্রকে হত্যা করছে বলে তিনি মন্তব্য করেন। তিনি জনগণের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আর কতদিন মুখ বুজে সহ্য করবেন, এবার সময় হয়েছে জেগে ওঠার। তিনি আরও জানান যে ইন্ডিয়া অ্যালায়েন্স এক হয়ে লড়াই চালিয়ে যাবে। এদিকে, এই আন্দোলনের আলোচিত মুখ নেহা বোরাকেও পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে।

















