রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে দেয়ালচিত্র বা গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার অভিযোগে আ ন ম আয়াসকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার দুপুরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত দখলমুক্ত করার পর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায় ও শিল্পাচার্য জয়নুল আবেদিনসহ ১০ জন গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়েছিল।
আ ন ম আয়াস অতীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনেরও নেতৃত্ব দেন। গত ৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ (এনডিবি) ও রাষ্ট্র সংলাপ ফোরামের সংঘর্ষের সময় তিনি আলোচনায় আসেন। ওই ঘটনায় তিনি মারধরের শিকার হন এবং পরে দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কটূক্তির অভিযোগে নতুন ধারা বাংলাদেশের এক নেত্রীকে চড় মারার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে আয়াসের নেতৃত্বে একদল লোক অবস্থান নিয়েছিলেন। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন ব্যক্তিকে মারধর ও রিকশাচালকের মুঠোফোন কেড়ে নেওয়ার ঘটনা ঘটে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়াস দাবি করেছিলেন, তাঁরা কোনো মব তৈরি করছেন না, বরং সন্দেহভাজনদের পুলিশের কাছে সোপর্দ করছেন। এর আগে গত বছরের ২৬ মে ময়মনসিংহে হামলার শিকার হয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন তিনি। এছাড়া ১৬ আগস্ট ভালুকায় সংগঠনের কাজে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করলেও পুলিশি সহায়তা নিতে তিনি অস্বীকৃতি জানান।
আয়াস বিভিন্ন সময়ে আইনি ও সামাজিক বিতর্কেও জড়িয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে তিনি শাহবাগ থানায় জিডি করেছিলেন। গত ২০ সেপ্টেম্বর মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির সামনে প্রস্রাব করার ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। সর্বশেষ সেগুনবাগিচা থেকে আটকের পর আয়াসসহ তিনজনকে ঢাকা মহানগর গোয়েন্দা শাখায় (ডিবি) নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

















