বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোট ২ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘জামালের ঘের’ এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইসলাম (২৫) ও মো. মোজিবুল্লাহ (২৩)। তাদের বাড়ি কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ এ বলে বিজিবি জানিয়েছে।
একইভাবে রোববার ভোর আনুমানিক ৪টার দিকে বাইশফাঁড়ী বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-৩৫ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যপাড়া এলাকায় অপর এক অভিযান পরিচালনা করে। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ১ লাখ ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করে।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়েরুল আলম জানান, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর ও জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকমুক্ত সীমান্ত গড়তে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবার বিষয়েও প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

















