পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে ৩০৫ জন অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে শিশুসহ অন্তত ১৩৯ জনের প্রাণহানি ঘটেছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর বরাত দিয়ে রয়টার্স ও এনবিসি নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
আইওএমের তথ্য অনুযায়ী, এই মর্মান্তিক দুর্ঘটনায় ৫২ জন পুরুষ, ৪২ জন নারী এবং ১৫ শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৮০ জনেরও বেশি অভিবাসীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তারা সবাই ইথিওপিয়ার নাগরিক। তবে এখনো প্রায় ৮০ জন নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।
নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নত জীবনের আশায় হর্ন অব আফ্রিকা অঞ্চল থেকে প্রতি বছর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী জিবুতি হয়ে বাব আল-মান্দেব প্রণালি পাড়ি দিয়ে উপসাগরীয় দেশগুলোর দিকে যাত্রা করেন। ইয়েমেনে চলমান সহিংসতা সত্ত্বেও অভিবাসীদের এই ঝুঁকিপূর্ণ যাত্রা অব্যাহত রয়েছে।
জিবুতিতে আইওএমের মিশন প্রধান আলেকজান্দ্রে কোইসাক এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, অর্থনৈতিক সুযোগের সন্ধানে অভিবাসীদের যেসব বিপদের মুখোমুখি হতে হয়, এই ট্র্যাজেডি তার একটি স্পষ্ট উদাহরণ।
আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, নিরাপদ কোনো বিকল্প উপায় নেই বলেই অভিবাসীরা এমন ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াতে বাধ্য হন। এসব মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যায় না। তিনি সরকার ও দাতাদের প্রতি নিরাপদ ও বৈধ পথ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আইওএমের ‘মিসিং মাইগ্রেন্টস প্রজেক্ট’-এর তথ্যমতে, গত বছর এই একই রুটে ৯০০-এরও বেশি অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

















