সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আগুন ধরে গেছে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের বিমানবন্দরের যাত্রী টার্মিনালে একটি প্রক্ষিপ্ত অস্ত্র আঘাত হেনেছে, তবে এটি ড্রোন নাকি ক্ষেপণাস্ত্র তা এখনো স্পষ্ট নয়। এছাড়া বিমানবন্দরের কাছাকাছি এলাকায় আরও একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করার দাবি করেছে জোট।
এর আগে গত শনিবার বিকেলে একই বিমানবন্দরে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ ১২ জন নিহত হয়েছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার বেলা ৩টা ২০ মিনিটের দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ওই সময় সেখানে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে থাকা দুই বাংলাদেশি নিহত হন। নিহতরা হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি। এ ঘটনায় আরও চারজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিগত সময়ে ১৪ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তিনি এই ধরনের বিপর্যয় ও আক্রমণ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এমন মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। এদিকে হুতিদের পক্ষ থেকে মক্কা ও মদিনা ছাড়া অন্য বিমানবন্দর ব্যবহার না করার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং সৌদি জোট এই হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।

















