বগুড়ার সারিয়াকান্দিতে খাদ্যপণ্যে অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে উপজেলার কুতুবপুরের রুপা বেকারি এবং সারিয়াকান্দির গোল্ডেন ফুড অ্যান্ড রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রুপা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, নিম্নমানের উপাদান ব্যবহার এবং বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই তা ব্যবহারের ভুয়া স্টিকার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, গোল্ডেন ফুড অ্যান্ড রেস্টুরেন্টে খাবারে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহার এবং নিষিদ্ধ রেড বুল বিক্রি ও সরবরাহের দায়ে নিরাপদ খাদ্য আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় জব্দকৃত নিষিদ্ধ পণ্যগুলো ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, বেকারিতে পোড়া তেলে খাবার তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশের মতো গুরুতর অনিয়ম পাওয়া গেছে। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ না করলে কারখানা বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কুতুবপুরের রুপা বেকারি ও সারিয়াকান্দির গোল্ডেন ফুড অ্যান্ড রেস্টুরেন্টে এ অভিযান চালানো হয়।
















