বাংলাদেশ রেলওয়ে তাদের অনুমোদিত প্ল্যাটফর্মের বাইরে অন্য কোনো ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ফেসবুক পেজ বা কোনো তৃতীয় পক্ষের কাছ থেকে ট্রেনের টিকিট না কেনার জন্য যাত্রীদের কঠোর সতর্কবার্তা দিয়েছে। রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, অনুমোদিত মাধ্যমের বাইরে কোনো উৎস থেকে টিকিট সংগ্রহ করতে গিয়ে যদি কোনো যাত্রী আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হওয়ার মতো সমস্যার সম্মুখীন হন, তবে তার দায়ভার বাংলাদেশ রেলওয়ে বহন করবে না।
সম্প্রতি রেলওয়ের পক্ষ থেকে প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছে, টিকিট সংগ্রহের জন্য যাত্রীদের শুধুমাত্র তাদের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd), ‘রেল সেবা’ অ্যাপ অথবা নির্ধারিত টিকিট কাউন্টার ব্যবহার করতে হবে।
যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এবং প্রতারণা এড়াতে সবসময় বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যমগুলো থেকেই টিকিট কেনার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংস্থাটি। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যাত্রীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

















