গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন চট্টগ্রামের এবং অন্যজন সিলেটের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২১৩ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৩৯ জন এবং হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৭৪ জনের শরীরে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৭১২ জন এবং উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৩৭১ জন।
এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন শিশু ছাড়পত্র পেয়েছে।

















