তিস্তা প্রকল্পের সম্ভাব্য কারিগরি সহায়তা এবং সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস সরকার। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে নেদারল্যান্ডসের পক্ষ থেকে এই আগ্রহের কথা জানানো হলে বাংলাদেশ তাকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নেদারল্যান্ডসের মন্ত্রী শুর্দ শুর্দসমার বলেন, বিনিয়োগ ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদারের এখনই উপযুক্ত সময়। তিনি পানিসম্পদ ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র হওয়ায় অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে ভূমি পুনরুদ্ধার, চর উন্নয়ন এবং অভিযোজনক্ষম নদীব্যবস্থাপনার ক্ষেত্রে নেদারল্যান্ডসের অভিজ্ঞতাকে বাংলাদেশ কাজে লাগাতে আগ্রহী।
বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে কথা হয়। বাংলাদেশ এ বিষয়ে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করেছে। এছাড়া বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন নেদারল্যান্ডসের মন্ত্রী।
রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশ পুনরায় জানিয়েছে যে, সংকটের মূল উৎস মিয়ানমারে এবং এর টেকসই সমাধান সেখানেই প্রয়োজন। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতের ওপর জোর দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি কৃষিখাতে প্রযুক্তিগত দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।
মানবাধিকার সুরক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি অতীতে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে তাঁর সরকার মানবাধিকার সুরক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকের শেষ পর্যায়ে নেদারল্যান্ডসের মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমীন এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইওরিস ভ্যান বোমেল উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।

















