সিরাজগঞ্জে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করার লক্ষ্যে যমুনা নদীতে বিশেষ অভিযান চালিয়েছে জেলা মৎস্য বিভাগ। মঙ্গলবার ১৩ অক্টোবর দিনব্যাপী পরিচালিত এই অভিযানে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা। অভিযানের পর জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অভিযান চলাকালে অবৈধভাবে মাছ ধরার সময় প্রায় ১০ কেজি মাছ উদ্ধার করা হয়, যা নষ্ট না করে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান খান, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন এবং মৎস্য বিভাগের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে। সরকারের এই নির্দেশনা অনুযায়ী, মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানিয়েছে মৎস্য বিভাগ। ভবিষ্যতে ইলিশের উৎপাদন সুরক্ষায় নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।

















