রাঙামাটির সাজেক পর্যটন সড়কে টানা ছয় দিনের জন্য ডাকা অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আগামীকাল শুক্রবার থেকে আগামী বুধবার পর্যন্ত সাজেক রুটে যান চলাচল ও পর্যটকদের যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার স্বাক্ষর করা এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধ স্থগিতের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদ্যাপন কমিটির বিশেষ অনুরোধে এবং আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত মাচলং বাজারে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ধর্মীয় উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পুণ্যার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতেই এই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।
আন্দোলনকারী সংগঠনের নেতাদের দাবি, তাদের এই অবরোধ কর্মসূচি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো জাতি, ধর্ম ও বর্ণের বিরুদ্ধে ছিল না। বরং সাজেকবাসীর জানমাল রক্ষা এবং সার্বিক নিরাপত্তার স্বার্থেই তারা এই কর্মসূচি হাতে নিয়েছিলেন।
এদিকে, বৃহস্পতিবার রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত একটি জরুরি গণবিজ্ঞপ্তিতে ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত আগের নির্দেশনার পরিবর্তন আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র এখন থেকে পর্যটকদের ভ্রমণের জন্য পুনরায় উন্মুক্ত। প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে পূজার ছুটিতে পর্যটকরা এখন কোনো বাধা ছাড়াই সাজেক ভ্রমণ করতে পারবেন।

















