অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ পরিচালনার ঘটনায় সৃষ্ট বিতর্কের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক সোমবার সকাল ৮টা ৩৬ মিনিটে নিজের ফেইসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানান।
ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, “আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।”
ঘটনার সূত্রপাত গত শনিবার বিকেলে, যখন ইশরাক হোসেন নিজের ফেইসবুক পেইজে গেণ্ডারিয়ায় চালানো মাদকবিরোধী অভিযানের একাধিক ভিডিও প্রকাশ করেন। সেসব ভিডিওর একটিতে তাকে সরাসরি অস্ত্র হাতে অভিযানে অংশগ্রহণ করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে হাতকড়া পরিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।
অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ড নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হলে পরদিন ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আপনারা যেটা দেখেছেন, আমরাও দেখেছি। স্থানীয় ডিসিকে বলা হয়েছে, তিনি পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেবেন। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে ডিএমপি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।”
পরবর্তীতে রোববার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় যে, প্রধানমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। এই বিষয়টি বিএনপির নেতাকর্মীদের মধ্যেও আলোচনার জন্ম দেয়। নিজের পোস্টে ইশরাক আরও লেখেন, “ফেইসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।”

















