কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে বড় ঢেউয়ের ধাক্কায় তিন পর্যটকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন। বুধবার বিকেলে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও লাইফগার্ড সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা ১২ জন পর্যটকের একটি দল হিমছড়ি সৈকতে বেড়াতে গিয়েছিল। তাদের মধ্যে পাঁচজন সাগরে গোসল করতে নামলে হঠাৎ বড় ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যান। পরে লাইফগার্ডকর্মী ও স্থানীয়দের চেষ্টায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও তাদের বাঁচানো যায়নি।
নিখোঁজ বাকি দুজনকে উদ্ধারে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালানো হয়, তবে তাদের কোনো সন্ধান মেলেনি।
লাইফগার্ড প্রতিষ্ঠান সি-সেফের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ এই প্রসঙ্গে বলেন, হিমছড়ি-দরিয়ানগরসহ কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে অন্তত ২০টি গুপ্তখাল তৈরি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ এলাকায় লাল নিশানা টানানো থাকলেও অনেক পর্যটক তা উপেক্ষা করে গোসলে নামছেন, যা এমন দুর্ঘটনার কারণ হচ্ছে।

















