রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ফের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। অনিবার্য কারণবশত পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেন।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে। এছাড়া বর্তমানে সাজেক পর্যটন এলাকায় যারা অবস্থান করছেন, তাদের আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে গত ১১ অক্টোবরও জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে দুর্গাপূজাকে কেন্দ্র করে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হলে, প্রশাসন সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। তবে নতুন করে ফের এই পর্যটন কেন্দ্রটিতে ভ্রমণের ওপর বিধিনিষেধ কার্যকর করা হলো।

















