প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার দিনব্যাপী সরকারি কর্মসূচিতে অংশ নিতে খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, তিনি মোংলা বন্দর সম্প্রসারণ কার্যক্রম এবং প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আজ সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সকাল ৯টায় হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি। সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টায় তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে মধ্যাহ্নবিরতি পালন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর পৌনে ২টায় ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি। বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল এলাকা ঘুরে দেখবেন তিনি।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী এবং বিকেল ৫টায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের সই করা পত্রে জানানো হয়েছে, এই সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

















