স্বাস্থ্য

দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও আটজনের প্রাণহানি

প্রতিবেদক
সব খবর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে ১ হাজার ১৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৫১ জন এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা ২৩ হাজার ৩২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আটজনের মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে।

সব খবর