খেলা

দীর্ঘ ১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো

প্রতিবেদক
সব খবর

ফুটবলের জাদুকর রোনালদিনহো দীর্ঘ ১১ বছরের বিরতি ভেঙে পেশাদার ফুটবলে প্রত্যাবর্তন করছেন। ৪৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা আগামী ১৫ নভেম্বর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে মাঠে নামতে যাচ্ছেন। ডার্বি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকছে ফরলি। এই ম্যাচটি দিয়েই তার নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।

গত জুনে রাভেন্নায় যোগ দেওয়ার ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেছিলেন রোনালদিনহো। তবে এতদিন পর্যন্ত তাকে মাঠে নামার অপেক্ষায় থাকতে হয়েছে। অবশেষে শুক্রবার ক্লাব কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, রোনালদিনহোর প্রত্যাবর্তন এখন চূড়ান্ত। স্টেডিয়াম ব্রুনো বেনেল্লিতে তার উপস্থিতি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কাড়বে বলে আশা করছে ক্লাবটি।

২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ম্যাচ খেলেছিলেন রোনালদিনহো। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে ইতালির এই ক্লাবের জার্সি গায়ে তার মাঠে ফেরার খবরটি ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো বিশ্ব হয়তো এমনটি সম্ভব হবে না ভেবেছিল, কিন্তু তারা এক জমকালো প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করছে। প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করা সেই জাদু, হাসি ও প্রতিভা আবারো ফিরছে।

ক্লাবের মালিকানা ও পরিচালনার দায়িত্বে থাকা বিখ্যাত রেস্তোরাঁ ব্র্যান্ড সিপ্রিয়ানির কর্ণধার ইগ্নাজিও সিপ্রিয়ানির স্বপ্ন হলো, রোনালদিনহোর ক্যারিয়ারের শেষ গোলটি যেন তার ক্লাবের হয়েই আসে। গত আগস্টে সমুদ্রসৈকতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। মায়ামিতে যোগদানের ঘোষণা থেকে শুরু করে মারিনা দি রাভেন্নার সৈকতে তাকে দেওয়া উষ্ণ অভ্যর্থনা সবকিছুই এই প্রত্যাবর্তনের প্রতি আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য যে, ইতালিতে এটি রোনালদিনহোর দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি এসি মিলানের হয়ে খেলেছেন। এছাড়া প্যারিস সেন্ট জার্মেই ও বার্সেলোনার মতো ক্লাবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো এবং ২০০৫ সালে ব্যালন ডি’অর জয় তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অর্জন। প্রেসিডেন্ট সিপ্রিয়ানির দেখা স্বপ্ন এখন তারিখ পেয়েছে, আর বেনেল্লিতে রোনালদিনহোর পা রাখার মাধ্যমে ফুটবলের নতুন এক গল্পের সূচনা হতে যাচ্ছে।

সব খবর