পেশাদার ফুটবল থেকে অবসরের এক দশকেরও বেশি সময় পর আবারও সবুজ গালিচায় ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সী এই সাবেক তারকা ফুটবলার ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেন্নার হয়ে নিজের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। গত জুনে ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ হলেও এতদিন তাকে মাঠে দেখা যায়নি। অবশেষে শুক্রবার ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আগামী ১৫ নভেম্বর ফরলির বিপক্ষে স্থানীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মাঠে নামবেন তিনি। ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছিলেন এই তারকা।
রাভেন্না কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই আয়োজনের মাধ্যমে পুরো বিশ্বের দৃষ্টি এখন ব্রুনো বেনেল্লি স্টেডিয়ামের দিকে। ক্লাবটি আরও জানায়, ফুটবল বিশ্ব যা অসম্ভব ভেবেছিল, তা এখন সত্যি হতে চলেছে। প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করা সেই জাদু, হাসি আর অসাধারণ প্রতিভা নিয়ে রোনালদিনহোর প্রত্যাবর্তন ঘটছে। ক্লাবটির পরিচালনা পর্ষদে থাকা বিখ্যাত রেস্তোরাঁ ব্যবসায়ী ইগ্নাজিও চিপ্রিয়ানি জানিয়েছেন, রোনালদিনহো যেন তার ক্যারিয়ারের শেষ গোলটি রাভেন্নার হয়ে করেন, সেটিই তার স্বপ্ন।
গত আগস্টে মৌসুম শুরুর আগে সমুদ্রসৈকতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সঙ্গে রোনালদিনহোর পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর থেকেই তাকে মাঠে দেখার অপেক্ষায় দিন গুনছিলেন ভক্তরা। ইতালির এই তৃতীয় স্তরের প্রতিযোগিতার গ্রুপে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে রাভেন্না। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে ইতালিতে খেলেছিলেন রোনালদিনহো। এছাড়া প্যারিস সাঁ-জার্মেই ও বার্সেলোনার জার্সিতেও তিনি দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য।
বর্ণাঢ্য ক্যারিয়ারে ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় এবং ২০০৫ সালে ব্যালন ডি’অর জয়ের গৌরব অর্জন করেছেন এই কিংবদন্তি। তার ড্রিবলিং, সৃজনশীলতা আর চিরচেনা হাসির জন্য ফুটবলপ্রেমীদের মনে তিনি এক বিশেষ স্থান দখল করে আছেন। রাভেন্না ক্লাবের ভাষায়, রোনালদিনহো এমন এক বিরল খেলোয়াড় যিনি তার অপ্রত্যাশিত কৌশল আর নির্মল আনন্দ দিয়ে ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যান। সব মিলিয়ে তার এই প্রত্যাবর্তন ঘিরে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে এক অন্য রকম উত্তেজনা।

















