ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৪৯০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এই অভিযানগুলো চালানো হয়। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম শনিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানের বিবরণ অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, কাজিয়াতলী ও মঈনপুর এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বাজি, বাসমতি চাল, গরু, চকলেট, ফুসকা, ফেসওয়াশ, অলিভ অয়েল, পন্ডস পাউডার, সাবান, জনসন বেবি লোশন, শ্যাম্পু, গাঁজা, কাশির সিরাপ এবং মোটরসাইকেল।
বিজিবি অধিনায়ক জানান, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধার হওয়া এসব অবৈধ পণ্য ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

















