নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতী বিলের একডালা ও খাজুরা এলাকায় অবৈধ মৎস্য শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
অভিযানে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা বাজারমূল্যের ৭০টি চায়না রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া মাছ ধরার কাজে ব্যবহৃত ৪০০ মিটার বাঁশের বেড়া বা বানা অপসারণ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে সংগ্রহ করা ২৬ বস্তা শামুক উদ্ধার করে পুনরায় হালতী বিলের পানিতে অবমুক্ত করা হয়।
এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ এবং নিরাপত্তার দায়িত্বে ছিল নলডাঙ্গা থানা পুলিশের একটি দল। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ, অভয়াশ্রম সুরক্ষা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

















