পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী জনগণের অভিযোগ ছাড়াই পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করার ক্ষমতা দেওয়ার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার খুলনার বয়রা পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর করে গড়ে তুলতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে নতুন আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এই কাঠামোর অধীনে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে পুলিশের একটি কার্যকর শাখা হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে কিশোর গ্যাং, মাদক এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণে দেশজুড়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে এবং সমাজে যে মাদক পরিস্থিতির বিস্তার ঘটেছে, তা নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে বলে তিনি দাবি করেন।
আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশ যখন বল প্রয়োগ করে, তখন তাদের ফ্যাসিবাদী আখ্যা দেওয়া হয়। আবার বল প্রয়োগ না করলে পুলিশকে দুর্বল মনে করা হয়। এই উভয় সংকটময় পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও দক্ষ ও কার্যকর করার লক্ষ্যেই আইনি সংস্কারের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

















