জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের নয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে গত ২৬ অক্টোবর সোমবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে গণ্য করে দেশের বিভিন্ন সরকারি কলেজ ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সহযোগী অধ্যাপক (পদার্থবিদ্যা) ড. মোহাম্মদ কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে এবং সহযোগী অধ্যাপক (গণিত) মোহাম্মদ হুমায়ুন কবীরকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে। এছাড়া সহযোগী অধ্যাপক (শিক্ষা) মো. আহসানুল আরেফিন চৌধুরীকে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে, সহযোগী অধ্যাপক (ইসলামিক আদর্শ) ড. মো. আবু হানিফকে রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এবং অধ্যাপক (ইতিহাস) রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে পদায়ন করা হয়েছে।
তালিকায় থাকা অন্যদের মধ্যে সহকারী অধ্যাপক (প্রাণীবিদ্যা) মো. মনির হোসেন মজুমদার ও সহযোগী অধ্যাপক (ইংরেজি) আফসানা আইয়ূবকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে এবং সহকারী অধ্যাপক (সমাজকল্যাণ/সমাজকর্ম) মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে। এছাড়া সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) এম এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত হতে হবে। যদি তারা নির্ধারিত সময়ে অবমুক্ত না হন, তবে ২৯ অক্টোবর অপরাহ্ণে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য করা হবে। এছাড়া কর্মকর্তাদের নিজ নিজ পিডিএসে লগইন করে অবমুক্তি ও নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

















