পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত উৎসবের এই আসর চলবে। এবারের আয়োজনে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মঙ্গলবার নন্দন চত্বরে সরকারি কমিটির এক প্রস্তুতিমূলক বৈঠক শেষে এই তথ্য উঠে আসে।
নন্দনের এই বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, পরিচালক সন্দীপ রায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়সহ দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে মিঠুন চক্রবর্তী জানান, উৎসব চলাকালীন পুরো শহরকে নতুন আঙ্গিকে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। নতুন কমিটির ভাবনা অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানটি ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে আয়োজনের সম্ভাবনা রয়েছে। সেখানে একটি বিশেষ রেড কার্পেট তৈরির পাশাপাশি প্রখ্যাত তারকাদের কাটআউট স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
উদ্বোধনী মঞ্চে রজনীকান্ত ও কঙ্গনা রানাওয়াত ছাড়াও প্রভাস (উপলপতি ভেঙ্কট সূর্যনারায়ণ প্রভাস রাজু) এবং কোনো হলিউড তারকার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অতীতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ধনধান্য অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধন হলেও, নতুন সরকারের প্রথম এই আয়োজনে কোনো কমতি রাখতে চাইছে না আয়োজক কমিটি। এজন্য জোর প্রস্তুতি ও ধারাবাহিক বৈঠক চলছে। এদিকে, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর উৎসবের বাহ্যিক আয়োজনেও পরিবর্তন এসেছে। এর আগে লোগোর রঙ নীল থাকলেও এবার তা পরিবর্তন করে গেরুয়া করা হয়েছে। সাধারণত নভেম্বর মাসে উৎসবটি অনুষ্ঠিত হলেও, এবার শীতের আমেজে ১৬ থেকে ২৩ ডিসেম্বর তিলোত্তমায় সিনেমার এই মহোৎসব বসবে।

















