বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানীতে অবস্থিত একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ এবং সেখানে নতুন ব্রিজ নির্মাণের দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ব্রিজের পশ্চিম পাশে বাজারসংলগ্ন এলাকায় প্রায় পাঁচ শতাধিক মানুষ একত্রিত হয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিয়া, গুলিশাখালী ইউনিয়নের সমাজসেবক গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মুন্সী এবং বরগুনা জেলা যুবদলের সম্পাদক আসাদুজ্জামান মোমেন আকন।
মানববন্ধনে বক্তারা জানান, প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই ব্রিজটি দীর্ঘ সময় ধরে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। ব্রিজটি জরাজীর্ণ হওয়ায় বড় ধরনের যানবাহন চলাচল করতে পারছে না, যার ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বক্তারা আরও উল্লেখ করেন, সম্প্রতি স্থানীয় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১২টি দোকান পুড়ে গেলেও ব্রিজের বেহাল অবস্থার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এছাড়া অ্যাম্বুলেন্স চলাচলও অসম্ভব হয়ে পড়েছে। জনদুর্ভোগ লাঘব এবং যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে তারা দ্রুত এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

















