প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন। সোমবার সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে রোববার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল ভ্রমণ করবেন এবং সফর শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন। তার এই সফরের মূল লক্ষ্য হলো বেশ কিছু বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করা।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোরে বৃক্ষরোপণ করবেন। এছাড়া জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশেও তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
সফরের শেষভাগে বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭: ৩৩আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭: ৩৭

















