হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার নতুন ঘটনা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামকে আট মাসের সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে। একই সঙ্গে, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কা তেলের বাজারকে আরও বেশি অস্থির করে তুলেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) আন্তর্জাতিক বাজার পর্যালোচনায় দেখা যায়, ব্রেন্ট ক্রুডের ডিসেম্বরের ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১১৮ ডলারে পৌঁছেছে। এর আগে চলতি বছরের ৩১ মার্চ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ১১৮ ডলার ২০ সেন্ট ছুঁয়েছিল। ২০২২ সালের মার্চে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১১৮ ডলার ছাড়িয়ে গিয়েছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২ শতাংশ বেড়ে ১০৪ ডলারে লেনদেন হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের বাজার বিশ্লেষণ অনুযায়ী, চলতি অক্টোবর মাসেই ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৩ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
এই মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে টানা চতুর্থ মাসের মতো বিশ্ববাজারে তেলের দাম বাড়বে। বিশ্বব্যাংক সম্প্রতি এক সতর্কবার্তায় জানিয়েছে যে, ভূ-রাজনৈতিক সংকট ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চলতি বছরে বিশ্বজুড়ে জ্বালানির দর চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
বৈশ্বিক এই ঋণদাতা সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে যে, সংঘাত অব্যাহত থাকলে এ বছর জ্বালানি পণ্যের সার্বিক মূল্য প্রায় এক-তৃতীয়াংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

















