সৌদি আরবের মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০০ জন মুসলিম লেখক, গবেষক ও চিন্তাবিদের বই নিষিদ্ধ করা হয়েছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি তালিকাকে ঘিরে মুসলিম বুদ্ধিবৃত্তিক ও গবেষণা মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
সৌদি গবেষক ও মানবাধিকারকর্মী আবদুল্লাহ আল-ওদাহ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত নিষিদ্ধ লেখকদের একটি তালিকা প্রকাশ করেন। তার দাবি অনুযায়ী, এই নথিটি মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের তথ্যপ্রযুক্তি ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট। এতে প্রায় ১০০ জন লেখক ও চিন্তাবিদের নাম উল্লেখ করা হয়েছে, যাদের বই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রবেশের ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
তালিকায় ভারতীয় উপমহাদেশসহ মুসলিম বিশ্বের অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী বেশ কয়েকজন ইসলামি চিন্তাবিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এদের মধ্যে আবুল হাসান আলী নদভী, আবুল আ’লা মওদুদী, মালেক বেন্নাবী, ইউসুফ আল-কারদাওয়ি, মুহাম্মদ আল-গাজালি, মুস্তাফা আল-সিবাই, আবদুল ওয়াহহাব খাল্লাফ এবং আবদুল আজিজ আল-তারিফীর মতো বিশিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখযোগ্য।

















