শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা সম্প্রতি ডাবলিন বিমানবন্দরে ভ্রমণের সময় রায়ানএয়ারের কর্মীদের বিরুদ্ধে বৈষম্যমূলক ও হুমকিমূলক আচরণের গুরুতর অভিযোগ এনেছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিমানবন্দরটিতে রায়ানএয়ারের গেটে থাকা কর্মীদের আচরণ ছিল অগ্রহণযোগ্য। সাঙ্গাকারা কর্মীদের কথা বলার ধরন এবং পুরো প্রক্রিয়াটি ভুলভাবে পরিচালনা করার সমালোচনা করেছেন। তার মতে, ডাবলিনে এটিই ছিল তার প্রথম কোনো খারাপ অভিজ্ঞতা।
সাঙ্গাকারার অভিযোগের প্রেক্ষিতে একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী পাল্টা মন্তব্য করেন যে, সাঙ্গাকারা নিজেকে বিশেষ কেউ ভেবে অগ্রাধিকারমূলক আচরণ প্রত্যাশা করছিলেন। ওই ব্যবহারকারী লেখেন, রায়ানএয়ার বাড়তি কোনো জাঁকজমকের প্রতিশ্রুতি দেয় না এবং সবার সঙ্গে সমান আচরণ করাকে বৈষম্য বলা যায় না।
এই মন্তব্যের কড়া জবাব দেন সাঙ্গাকারা। তিনি বলেন, যখন তাকে বলা হয় যে তার মতো পাসপোর্টধারীর কাছ থেকে এমন আচরণই প্রত্যাশা করা উচিত, তখন সেটি কেবল অমূলক নয়, বরং বর্ণবাদী। সাঙ্গাকারা আরও জানান, এই ঘৃণ্য মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের সহযাত্রীদের জন্য হুমকি হিসেবে গণ্য করা হয় এবং বিমানে উঠতে বাধা দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।
সাঙ্গাকারার এই পোস্টের নিচে ডব্লিউএসও২-এর প্রধান নির্বাহী সঞ্জীব বীরওয়ারানাও মন্তব্য করেন যে, তিনি নিজেও পাশ্চাত্যের বিভিন্ন স্থানে বৈষম্যের শিকার হয়েছেন। এর জবাবে সাঙ্গাকারা বলেন, যখন নিজের ওপর এমন ঘটনা ঘটে, তখন তা বেশ ধাক্কা দেয়।
উল্লেখ্য, আয়ারল্যান্ডের কাউন্টি ডাবলিনের সোর্ডসে সদর দপ্তর অবস্থিত রায়ানএয়ার ইউরোপের বৃহত্তম বিমান সংস্থা হিসেবে পরিচিত। যাত্রীসংখ্যা ও বহরের আকারের দিক থেকে এটি একটি অতি-স্বল্পমূল্যের এয়ারলাইন হিসেবে পরিচিত হলেও এবার কর্মীদের আচরণ নিয়ে বড় ধরনের বিতর্কের মুখে পড়ল।

















