ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছে পৌঁছে গেলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল খুলুদের বিপক্ষে মাঠে নেমে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে আল নাসর ৫-৩ গোলের জয় নিশ্চিত করে। ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, এই তিন গোলের সুবাদে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯৮৫।
ম্যাচের ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোলগুলো করেন রোনালদো। যখন স্কোরলাইন ২-২ ছিল, তখনই তার টানা তিন গোল আল নাসরের জয় নিশ্চিত করে দেয়। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা এখন ১ হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ১৫ গোল দূরে রয়েছেন। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘দারুণ জয়, দলের অসাধারণ পারফরম্যান্স। হ্যাটট্রিক করে দলকে সাহায্য করতে পেরে ভালো লাগছে।’
ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রোনালদোর অবস্থান সবার উপরে। ৯৮৫ গোল নিয়ে তিনি দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির চেয়ে ৪৯ গোলে এগিয়ে আছেন, যার গোলসংখ্যা ৯৩৬। আল খুলুদের বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটে ফরাসি ফরোয়ার্ড জুলিয়েন ডোমিঙ্গেস গোল করে এগিয়ে দিয়েছিলেন। পরে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল সমতা ফেরান এবং সাদিও মানে গোল করে আল নাসরকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে আন্তোইন এসোম্বার গোলে আল খুলুদ সমতায় ফিরলেও দ্বিতীয়ার্ধে রোনালদো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন।
আল নাসরে যোগ দেওয়ার পর এটি রোনালদোর সপ্তম হ্যাটট্রিক। সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে তার হ্যাটট্রিকের সংখ্যা ৬৭। এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, আল নাসরের হয়ে সাতটি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনটি এবং জুভেন্টাসের হয়ে তিনটি হ্যাটট্রিক রয়েছে। আল খুলুদের বিপক্ষে ম্যাচে রোনালদোর সতীর্থ জোয়াও ফেলিক্স চারটি গোলে সহায়তা করেছেন। এই জয়ে ২৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে আল নাসর।

















