বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরখান থানায় মামলাটি করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের দুই দিন পর এই মামলাটি করা হলো।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, তাহসিফকে হত্যা করে লাশ নদীতে ফেলে গুম করার অভিযোগে মামলাটি নথিভুক্ত হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৌ পুলিশ এখন তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়েছে। এর আগে দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেফাজতে নিয়েছিল, পরে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। ওইদিন রাত ১টা ৩৫ মিনিটে মায়ের কাছে মুঠোফোনে বার্তা পাঠিয়ে তিনি বাসায় ফেরার কথা জানিয়েছিলেন। তবে এরপর আর ফেরেননি। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। প্রাথমিকভাবে অজ্ঞাত পরিচয় হিসেবে লাশ উদ্ধার করা হলেও, পরে তার সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিখোঁজ হওয়ার আগে মঙ্গলবার সন্ধ্যার সিসিটিভি ফুটেজে তাহসিফকে তার ভবনের নিচে দীপ নামের ওই ব্যক্তির সঙ্গে দেখা যায়। তারা দুজন হাত মিলিয়ে আলাদা মোটরসাইকেলে করে চলে যান। পিবিআইয়ের হেফাজতে থাকাকালে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যা তাহসিফের বলে পুলিশের ধারণা। বর্তমানে তদন্তকারীরা তাহসিফের মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছেন।

















