এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীকে এক মাসের মধ্যে শুধু ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এর ফলে এসব শিক্ষার্থীকে পরবর্তী বছরের পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য অন্তর্বর্তী পরীক্ষা নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তখন পরিকল্পনা ছিল, দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ও ফল প্রকাশের পুরো প্রক্রিয়া দুই মাসের মধ্যে এবং তিন বা তার বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ক্ষেত্রে তিন মাসের মধ্যে শেষ করা।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ফল প্রকাশের পর এক মাস পুনর্নিরীক্ষণের কাজ চলবে এবং এরপর পরীক্ষার রুটিন দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেছিলেন, দুই বিষয়ে পরীক্ষা হলে দুই মাসের মধ্যে প্রক্রিয়া শেষ করা সম্ভব হলেও তিন বা তার বেশি বিষয়ে পরীক্ষা নিলে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে কতটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
সাধারণত পাবলিক পরীক্ষায় অকৃতকার্য হলে শিক্ষার্থীদের পরের বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়, যা তাদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি পরিবর্তনে এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পরীক্ষার সুযোগ দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। গত ১০ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’-এ তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ২ জুলাই দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্ট শেষ হয়। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন, যারা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নিয়েছিলেন।

















