রাজধানীর ব্যস্ত এলাকা পল্টনের বক্স কালভার্ট রোডে সাবেক সিআইডি প্রধান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সুলতান (৬০) নামের এক রিকশাচালক গুরুতরভাবে আহত হয়েছেন। শনিবার রাতে ঘটা এই দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটি সাবেক এই কর্মকর্তার ছেলে চালাচ্ছিলেন বলে প্রাথমিক তথ্যে পাওয়া গেছে। তবে চালককে এখনো আটক করা সম্ভব হয়নি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত হওয়ার ঘটনায় গাড়িটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
দুর্ঘটনায় সাবেক সিআইডি প্রধানের ব্যক্তিগত গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটি তার ছেলে চালাচ্ছিলেন কি না—এ বিষয়ে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে এবং বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি মোস্তফা কামাল খান।

















