শ্রমিক আন্দোলনের আড়ালে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার বেলা ১১টার দিকে পোশাক কারখানা মালিকদের সংগঠন ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন যে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে নানাভাবে ইন্ধন দেওয়া হচ্ছে। শ্রমিকদের ব্যবহার করে আন্দোলনের নামে মূলত ষড়যন্ত্র চালানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
বন্ধ থাকা কারখানাগুলোর বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, এ বিষয়ে শিল্প মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বন্ধ কারখানাগুলো পুনরায় খুলে দেওয়া হবে। একইসঙ্গে যেসব কারখানা বর্তমানে বন্ধ রয়েছে, সেগুলোর একটি তালিকা মালিকদের কাছ থেকে চাওয়া হয়েছে।
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে মন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যেই এটি চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে সোমবার বিকেল তিনটায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি নিশ্চিত করেন।
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১১: ২৭আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১১: ৩০

















