দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে জানানো হয়েছে, উল্লিখিত সময়ে ১ হাজার ২৩৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ৭৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৪১ জন রোগী, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৮ জন। শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য প্রকাশ করে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৯৪ জন। হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ জনে, যেখানে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

















