জনপ্রিয় বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও চিকিৎসক শ্রীরাম নেনের বড় ছেলে অরিন নেনে দীর্ঘ সময় প্রচারের আড়ালে থাকার পর এবার নতুন করে আলোচনায় এসেছেন। সম্প্রতি মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার আয়োজিত জাঁকজমকপূর্ণ দীপাবলি অনুষ্ঠানে অরিনকে তার কথিত প্রেমিকা খুশির সঙ্গে দেখা গেছে। অনুষ্ঠানে দুজনকে বেশ সাবলীল ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়, এমনকি ছবি তোলার সময় অরিনকে খুশিকে কাছে টেনে নিতেও দেখা গেছে। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে।
অনুষ্ঠানটিতে মাধুরী দীক্ষিত এবং তার স্বামী শ্রীরাম নেনের সঙ্গেও খুশিকে ছবি তুলতে দেখা গেছে। শ্রীরাম নেনে নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের কিছু মুহূর্ত শেয়ার করেছেন, যেখানে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে খুশিকেও দেখা যায়। এছাড়া খুশি নিজেও তার সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটি ছবিতে তাকে অরিনের পাশে দাঁড়িয়ে নিজের সাজ দেখাতে দেখা গেছে, আবার অন্য একটি ছবিতে তাকে অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।
অরিন ও খুশির সম্পর্কের গুঞ্জন নতুন নয়। এর আগেও যুক্তরাষ্ট্রে তাদের একসঙ্গে সময় কাটানোর বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। খুশির একটি পোস্টের ক্যাপশনে অরিন মন্তব্য করেছিলেন ‘আমার হৃদয়’, যা তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করেছে।
উল্লেখ্য যে, মাধুরী ও শ্রীরাম নেনের দুই ছেলে অরিন ও রায়ানের মধ্যে অরিন বড়। তারকা সন্তান হয়েও তিনি বরাবরই প্রচারমাধ্যম থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করেন। তবে তিনি অভিনয়ের বাইরের জগতের সঙ্গে যুক্ত। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। মাধুরী সবসময়ই তার সন্তানদের ব্যক্তিগত জীবন নিয়ে সতর্ক থাকেন এবং অতিরিক্ত প্রচার থেকে তাদের দূরে রাখতে চান। মিড-ডের ‘সিট উইথ হিটলিস্ট’ সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে বড় হওয়ায় তার সন্তানদের কাছে মায়ের চলচ্চিত্রজীবন সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না।

















