দীর্ঘদিন বিরতি দেয়ার পর আবারও জনপ্রিয় ‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। সিরিজের আলোচিত চরিত্র ক্যাটনিস এভারডিন হিসেবেই তাকে পর্দায় দেখা যাবে। ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ শিরোনামের নতুন এই সিনেমাটির মুক্তি ঘিরে দর্শকদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। আগামী ২০ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এটি মূল সিরিজের কোনো ধারাবাহিক গল্প নয়, বরং একটি প্রিক্যুয়েল। মূল কাহিনির ২৪ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি ১৬ বছর বয়সী হেইমিচ অ্যাবারনেথির ৫০তম হাঙ্গার গেমসে অংশগ্রহণের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এতে তরুণ হেইমিচের চরিত্রে অভিনয় করছেন জোসেফ জাডা এবং প্রেসিডেন্ট স্নো চরিত্রে থাকছেন র্যালফ ফাইনস।
সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে উপস্থাপক অ্যালেক্স কুপারের সঙ্গে আলাপচারিতায় নতুন এই সিনেমায় কাজের অভিজ্ঞতা তুলে ধরেন জেনিফার লরেন্স। তিনি জানান, এই প্রজেক্টের মাধ্যমে পুরোনো সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে আবারও দেখা হওয়ার সুযোগ পেয়েছেন তিনি, যা তার জন্য অত্যন্ত আবেগের ছিল। বিশেষ করে উডি হ্যারেলসনের সঙ্গে পুনর্মিলনের মুহূর্তটি ছিল বেশ মজার। লরেন্স স্মৃতিচারণ করে বলেন, কোনো আমন্ত্রণ ছাড়াই উডি তার হোটেল কক্ষের জানালা দিয়ে ঢুকে পড়েছিলেন, যা তাদের পুরোনো দিনের দুষ্টুমির স্মৃতি ফিরিয়ে আনে। অভিনেত্রী জানান, শুটিংয়ের সেটের পুরোনো সেই দিনগুলো এবং সহশিল্পীদের সঙ্গে কাটানো সময়গুলো তিনি দারুণ উপভোগ করেছেন।

















