নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড ‘গাছ’-এর প্রতিষ্ঠাতা এবং বহুল আলোচিত গান ‘রোকযানা’র কণ্ঠশিল্পী শেখ শাহেদ আলী বর্তমানে গুরুতর অসুস্থ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। দীর্ঘ সময় ধরে কিডনি জটিলতায় ভোগা এই শিল্পী নিয়মিত ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল ছিলেন।
গত ২৪ অক্টোবর শরীরে হঠাৎ সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি স্ট্রোক করেন, যার ফলে বর্তমানে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না; ইশারার মাধ্যমে মনের ভাব প্রকাশের চেষ্টা করছেন। এর মধ্যেই তার শরীরে ডেঙ্গু শনাক্ত হলে শারীরিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। অবস্থার অবনতি হওয়ায় ৩১ অক্টোবর প্রথমে তাকে পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার একটি হাসপাতালের এইচডিইউতে রাখা হয়েছিল, পরবর্তীতে সেখান থেকে তাকে বর্তমান বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিল্পীর বন্ধু ও ‘কুল এক্সপোজার’-এর প্রধান এরশাদুল হক জানান, সর্বশেষ ডায়ালাইসিসের পরও তার শারীরিক জটিলতা রয়ে গেছে। তার ডান হাত ও পা ফুলে গেছে এবং ডায়ালাইসিসে ব্যবহৃত ফিস্টুলায় রক্ত জমাট বাঁধার কারণে চিকিৎসকদের বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
উল্লেখ্য, ১৯৯১ সালে প্রথম একক অ্যালবাম ‘প্রভু’ প্রকাশের পর শেখ শাহেদ আলী বাংলাদেশের সংগীতাঙ্গনে নিয়মিত গান করছেন। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।”

















