এক মাসের মধ্যে দুই দফায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খালি গ্যাস সিলিন্ডার হাতে সংবাদ সম্মেলন করেছে। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নেতারা এলপিজির মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের এই সিদ্ধান্তকে ‘রাতের সরকার’-এর কাজ বলে আখ্যায়িত করেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সময়ে যেমন রাতের বেলায় দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হতো, এখন তারেক রহমানও শেখ হাসিনার দেখানো পথ অনুসরণ করে রাতের বেলায় গ্যাসের দাম বাড়াচ্ছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সামনে সিলিন্ডার হাতে নিয়ে প্রতিবাদ জানানো হবে।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সিলিন্ডার হাতে রাজপথে নেমে প্রতিবাদ করুন।’ তিনি অভিযোগ করেন, মানুষ যাতে প্রতিবাদ জানাতে না পারে, সে জন্যই বিএনপি সরকার রাতের বেলায় গ্যাসের দাম বাড়ায়।
এ সময় সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আকরাম হোসাইন এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার উপস্থিত ছিলেন।

















