জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এলিজা জামান আজ মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন। জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান সোমবার বিকেলে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে গত ১ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় সংরক্ষিত এই আসনটি শূন্য হয়েছিল।

















