ইরানে চলমান বিক্ষোভের মধ্যে পুলিশ কর্মকর্তাদের হত্যার দায়ে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। গত জানুয়ারিতে দেশজুড়ে বিক্ষোভ চলাকালে ইসফাহান শহরে চারজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমির হোসেন মালেকি ও আমির হোসেন ইব্রাহিমির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে।
তাসনিম নিউজ আরও জানায়, গত ৮ই জানুয়ারি ওই দুজন একদল দাঙ্গাকারীর সঙ্গে মিলে সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর ওপর আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র নিয়ে হামলা চালান। এই হামলায় চারজন নিরস্ত্র কর্মকর্তা নিহত হন এবং সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সুপ্রিম কোর্ট তাদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পরই এই ফাঁসি কার্যকর করা হয়।
এদিকে, সারাভান শহরে এক পৃথক ঘটনায় হুজ্জাত ওয়াফাকারদেহ নামে আরও এক ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বাসা থেকে বের হওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। তাসনিম নিউজ এই হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট ‘ভাড়াটে খুনিদের’ দায়ী করেছে এবং ঘটনাটিকে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে।

















