সাংবাদিকের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমণিকে বাদ দেওয়া হয়েছে। শনিবার দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আয়োজকদের ভাষ্যমতে, ঢাকা আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমণির ঘটনার ১৭ দিন আগেই তার সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চুক্তি সম্পন্ন হয়েছিল। তবে পরবর্তীতে সংবাদমাধ্যমকর্মীর সঙ্গে তার আচরণের বিষয়টি সামনে এলে এবং চট্টগ্রামের সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলে কর্তৃপক্ষ তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আয়োজকরা জানিয়েছেন, তারা স্থানীয় সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়েই এই পদক্ষেপ নিয়েছেন।
এর আগে শুক্রবার রাতে পরীমণি তার ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করে লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ সেই পোস্টারটি শেয়ার করে চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ও কালের কণ্ঠের প্রতিবেদক ফারুক মুনির আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি লেখেন, ‘এই প্রোগ্রামের আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’
ফারুক মুনিরের এই আহ্বানের পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতেই আয়োজকরা পরীমণিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেন। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

















