ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর (হাজি পাড়া) এলাকায় অভিযান চালিয়ে আপন দুই ভাইবোনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৬ নভেম্বর বুধবার রাতে পরিচালিত এই অভিযানে মোসাঃ বাবলি (২৬) ও মোঃ রুবেল রানা (৩২) নামের ওই দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বাবা ছোট বাবু এবং মা মোসাঃ মেরিনা বেগম।
ডিবি পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আসামিরা চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানকালে বাবলির মাথার চুলের খোপার ভেতর থেকে ২২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ১৪,৮০০ টাকাও জব্দ করে পুলিশ।
ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, ঠাকুরগাঁও পুলিশ সুপার মো: বেলাল হোসেনের নির্দেশনায় জেলায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় হরিহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, আসামি রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এর আগেও ১১টি মামলা রয়েছে। বর্তমানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের এই অভিযান চলমান থাকবে।

















