বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে ব্যক্তিগত পর্যায়ে বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশিরা কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠাতে পারবেন। এর আগে এই সীমা ছিল ১৫ হাজার ডলার। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে, যা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর জন্য কার্যকর করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে গত ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর ৪০-এর সংশ্লিষ্ট বিধানটি সংশোধন করা হলো।
চিকিৎসার পাশাপাশি বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও নতুন সুবিধা আনা হয়েছে। আগে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হতো। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা ব্যাংকগুলোকে যাচাই করতে হবে। এছাড়াও সার্টিফিকেশন, পেশাগত কোর্স এবং চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ উন্মুক্ত করা হয়েছে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে যে, বিদেশ ভ্রমণ, চিকিৎসা ও পড়াশোনাসহ বিভিন্ন ব্যক্তিগত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে, বাংলাদেশে বসবাসকারী নাগরিকরা বিদেশ থেকে যে বৈদেশিক মুদ্রা দেশে আনবেন, তা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখতে হলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ফরম এফএমজেতে ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

















